কবিতা ওরা আসছে
কবি বিএম সুজন হুসাইন
সময় ৬ জুন ২০২৬
উৎসর্গ বিপ্লবী জনতা
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, বাংলাদেশ, রাজনৈতিক
Review This Poem

ওরা আসছে আলোর মশাল হাতে–
আলো বিলাতে বিলাতে।
বঙ্গভূমের শহরে-নগরে, গ্রাম থেকে গ্রামে
পথে প্রান্তে, বাংলার প্রতিটি কোণে;
অবিনাশী শক্তি নিয়ে ওরা আসছে–
দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটাতে।

ওরা আসছে হিন্দু-মুসলিম ঐক্য নিয়ে
সাম্যের গান বাজাতে বাজাতে;
উগ্র মতবাদ বিনাশ করে–
বঙ্গদেশের আকাশে, শান্তির ঝান্ডা ওঠাতে।

ওরা আসছে কবিতা, গান, ছন্দে।
রবী ঠাকুরের প্রেমময় কবিতার নির্জাস নিয়ে
জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ পেরিয়ে–
জীবনানন্দের রূপসী বাংলায়,
বিদ্রোহী নজরুলের দ্রোহের আগুন জ্বালিয়ে।

ওরা আসছে–
ওদের আসতেই হবে।
ওদের আসতেই হবে বঙ্গমাতার গৌরব ফেরাতে
ওদের আসতেই হবে ইতিহাসের কলঙ্ক ঘোচাতে।

ওরা আসছে ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম হয়ে
ওরা আসছে প্রীতিলতার রূপে।
ওরা আসছে একাত্তরের উত্তাল শ্লোগানে,
বুকের তাজা রক্তে আঁকা পতাকার রঙে সেজে।

​ওরা আসছে লাল রাঙা ভোরের সূর্য ওঠার গান গেয়ে,
সবুজ শস্যের ঘ্রাণে মেঠো পথ বেয়ে।
​ওরা আসছে, ওরা আসবেই—
পদ্মা, মেঘনা, যমুনার তীব্র কল্লোলে,
ওরা জেগে আছে রাজপথে, মিছিলে, স্লোগানে।

ওদের পদভারে ছিড়ছে জিঞ্জির, ভাঙছে আঁধার কালো রাত,
আনবেই ওরা সমতার এক নতুন সুপ্রভাত
ওদের মুঠোয় তাকিয়ে দেখো কোটি যুবকের হাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted