কবিতা প্রেমের কবিতা
কবি বিমল মণ্ডল
সময় জুন২০২২
লিখার স্থান খেজুরী; পূর্ব মেদিনীপুর
Review This Poem

প্রেমের কবিতা
বি ম ল ম ণ্ড ল

১.
গার্হস্থ প্রেম

গ্রামের কোন এক গলির মোড়ে ঘরোয়া আলাপচারিতায় প্রেম কাহিনী
লাবন্য মাখা শরীরে উড়ে যাচ্ছে মেঘ

আকাশে বিবর্ণ আলোর ভেতর দিয়ে নতজানু হয়ে ঢুকে যাচ্ছে অসীম শূন্যে
গোটা গ্রামের কান্নার মাঝে সন্ধ্যা নামছে
অঝোরে বৃষ্টি হচ্ছে

ছোট্ট ছেলেটির খোঁজে বাবা হেঁটে চলেছে, তার মতো করে পাড়াগাঁর ঘোমটা দেওয়া বউটি আমার কাছে আসে
তার বুকে মাথা রেখে দায়িত্ব ভার অর্পণ করে হারিয়ে যাই
নির্ঝঞ্ঝাট সংসারে
ঘনঘন বিদ্যুতের আলো গলির মোড়ে একেঁ চলে
আমাকে নিয়ে গার্হস্থ প্রেম।

২.
জ্যোৎস্না রাতে

প্রেম সহজলভ্য তবুও খুঁজে চলি জ্যোৎস্না রাতে
অসংখ্য ম্যাসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট
রাত জেগে শরীর খারাপ করি
এসব কি তুমি জানো?
সেই কবে কলেজের ছোট ছোট প্রেম শব্দ
পেয়েছিলাম তোমার কাছে
যা আজও আমি গুছিয়ে রেখেছি হৃদয়ের মোড়কে
তুমি সেদিন আমার কাছে আসবে বলেছিলে
কারণ নিজের কথা লিখেছিলে সেই পাতায়
বুকের পরে,দেহের পরে সামান্য পুরুষত্ব হানলে
তুমি খিলখিল করে হেসে ওঠ জ্যোৎস্না রাতে।

৩.
চরিত্র

ঘুমের ভেতর জেগে ওঠে অশরীরী ছায়া
যেন ক্রমশ দাম্পত্য জীবন গিলে খায় অহরহ
প্রতি রাতে ক্ষমতার যৌবন
ব্যারিকেড ভেঙে পৌঁছে যায় রাতের নরম বিছানায়

কারণ পুরুষ ও নারীর স্বপ্ন
রক্ত মাংসের চাহিদায় ডুবে যায়
প্রতি চরিত্রের অঙ্গে আর এক প্রতি চরিত্র।

৪.
নির্জন প্রেমের দেশে

উষ্ণ রক্তের আনন্দ ছড়িয়ে —
এখন নির্জন প্রেমের দেশে
তোমার শরীরে প্রেমের বীজ বুনে দিই
নীরব শরীরী প্রেমের ঘ্রাণে

অক্লেশে ভাবলেশহীন যৌগিক বাক্য
প্রতিটি পরতে আছে আমাদের প্রেমযাপন
আমার হৃদয় ইচ্ছার সাথে তোমার প্রেমের
রঙিন সুতোর টানে ফিরে যাব
নির্জন প্রেমের দেশে।

৫.
প্রেমের একদিন

এইখানে হাওয়ায় ভেতর
জোনাকি’র মতো মিশে আছে
তোমার প্রেমের একদিন

আজ এত স্থির
প্রিয় শয্যা পেতে ঘাস,মাটি, রাত
জেগে আছে সেই প্রেম

নিঃশব্দে সেই সব ভালবাসাময় সময়
অসংখ্য বিক্ষত ঢেউ যেন
প্রেমের একদিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted