| কবিতা | বিপন্ন ঈশ্বর ও দূরত্ব |
| কবি | আজিজুল হক |
| সময় | ২২/৬/২৩ |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক, স্বাধীনতা |
***বিপন্ন ঈশ্বর ও দূরত্ব ***
আজিজুল হক
আমাকে স্পর্শ করো, মাধবীলতা,নিবিড় ভাবে স্পর্শ করো ।
নদীর মত স্রোতস্বিনী ধারায়
আমার অন্তর জুড়ে ভগীরথের তেজে মহাপ্লাবন বয়ে আন,
মহাদেবের জটায় সে ধারা আমার হৃদয়ে
সাগর রাজার বংশ কে পুনরুদ্ধার করুক।
আমাকে স্পর্শ কর ,মাধবীলতা
নিতান্তই মানবিক ছোঁয়ায় ,
কেন না তাতে স্লোগান গুলো উজ্জীবিত হয়।
স্বর্গছেরা চা বাগান পেরিয়ে কালচিনির সবুজ অরণ্যে..
কখনও ডিমা নদীর তীরে সূর্য ডোবার সময় ,
তোমার খোলা চুলের অপরূপ সৌন্দর্যে স্পর্শ করো আমায়,
সব ধূলিকণা থেকে সবুজ চাদরে সোহাগ বিছিয়ে
পঙ্কিলতা গুলো কে ছুড়ে ফেলো জয়ন্তী নদীর চোরা স্রোতে।
আমি হারাতে চাই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা, ভোট দিতে না পারা মানুষটার চোখের অভিশাপ থেকে।
আমি পালাতে চাই রুশিকরণের পঙ্কিল আবর্জনা থেকে,
আমায় স্পর্শ করো মাধবীলতা,
নিশ্চিত পতন থেকে আমায় টেনে তোল
নারীর মত তুমি জন্ম দাও,
আরও ভোটে দাড়ানো লাইনের ভোট দিতে না পারা দুর্বিষহ আগুন খেকো চোখ গুলোকে।
আমার ভিতরে প্রবাহিত কর
আজরাইলের বিভীষিকা কিংবা ইসরাফিলের শৃঙ্গার,
তুমিও এসো,
একাকার হয়ে বাঁচি নিঃসঙ্গ জীবনের নিঃসঙ্গতায়।
নিসঙ্গতায় বড় দুঃসময়ে তোমার স্পর্শে ফুল ফুটুক,
মানুষ গুলো মুখ ফুটে কথা বলুক।
ফাগুন জুড়ে আগুন জ্বলুক ,
তুমি শুধু স্পর্শ করো আমায়।
আকস্মিক একটা আর্তনাদ
আমায় পেয়ে বসুক
পৃথিবীর সমস্ত স্পর্ধা কে উপহাস করে।
বড্ড দুঃসময় ,মাধবীলতা,
এমন সময় পাখিরা সুর ভুলে যায়,
নীলাকাশ বিষাক্ত হয়ে উঠে ,
অশ্লীল বাতাস বয়ে চলে দিগন্ত ব্যাপী দুরন্ত তালে।
তুমিই সেই নারী, জন্মদাত্রী,
আমার ভালবাসা ,আমার আস্থানা,
তোমার উদ্যানে ছড়িয়ে থাকা সুগন্ধ আর বাতাস গুলোকে
আমি ঈশ্বরের আরশে পৌঁছে দিয়ে তাকে ঘুম পাড়ানির গান শোনাবো!
ক্লান্ত ঈশ্বর কে তুমি স্পর্শ কোরো,মাধবীলতা ,
তোমার বিশুদ্ধ স্পর্শের পরিপূর্ণতায়
ক্ষমা করো তারে,
অনিন্দ্য ছোঁয়ায় হাত রেখো ঈশ্বরের বুকে!
নিরন্ন ঈশ্বর বুভুক্ষ আজ,
তুমি শৈল্পিক সত্তায় তার দেহে
নদীর অবগাহিত স্রোতের এক ফোঁটা জল ছিটিয়ে দিয়ে তাকে পবিত্র করো,মাধবীলতা!
অপবিত্র ঈশ্বর কে স্পর্শ করো,
ভোট বাক্সের ব্যালট গুলো কে বুলেটের মত
আর ছুড়ে মেরো না ঈশ্বরের বুকে,
ওতে যে মানুষ মরে,লাঞ্ছিত হয় অভিমান!
স্পর্শ গুলো প্রাণময় হয়ে উঠুক ,
আমি ঘুমিয়ে পড়ব ঈশ্বরের বুকে মুখ গুঁজে!
©আজিজুল হক
২২/৬/২৩