কবিতা ফিরে এসো তমালিকা রুদ্র
কবি অসীম চক্রবর্ত্তী
লিখার স্থান কলকাতা
Review This Poem

জানিনা মুহূর্তের হিসাবে পৃথিবীর সময়ের কাঁটা কোথায় এখন দাড়িয়ে,
অস্থিরতা যখন নেমে আসে জীবনে সময়ও যায় নিরালায় হারিয়ে ।
কুয়াশার পর্দা চিড়ে ধীরে ধীরে আমি চলেছি পায়ে চলার পথে,
গভীর নির্জনতার কালো মোড়কে মোড়া আঁধার একমাত্র আমার সাথে ।
ফ্লাড লাইটের আলোগুলি আবছায়ায় ঢেকেছে মহীরুহের দল পাখনা মেলায়,
আকারে ভিন্ন ভৌতিক নকশা পথ জুড়ে নেমেছে আপন খেলায় ।
আমি চলেছি ব্যর্থ প্রেমিক একাকী এই রাতে শহরের ফুটপাতে,
সেই থেকে যবে তুমি চলে গেলে শুভ্রতা নিয়ে সাথে ।

শহরের শেষ ট্রেন কুয়াশার গহ্বরে অদৃশ্য হল এক নিমেষে ।
রাতের মৃদু কোলাহল মিশে গেল শয্যায় ক্লান্তির হাসি হেসে ।
আমি নিস্তব্ধে চলেছি পায়ে চলার পথে একাকী শহরের ফুটপাতে,
যদি দেখা পাই চাঁদমাখা মুখখানি তোমার আবার এই রাতে ।
আজও ওঠেনি রাশি রাশি নক্ষত্র মাঝে স্মিত হাসি কৌমুদী
আজও আকাশ ভরে ওঠেনি সাদা আলোয় ভরেনি কোন নদী ।
জীবনের চারপাশে কেবল ভাসমান ধোঁয়া, রয়েছে নিঝুম রাতের নীহারিকা,
রয়েছে মাটির উপরে আবছায়া কুহেলীকা, নেই শুধু মোর তমালিকা ।

কোথায় গিয়েছো তুমি সেই থেকে এই পৃথিবীর চূড়া হতে,
জোনাকিরাতো ভোলেনি ঝিলমিল রবে এই পৃথিবীর আঁধারেতে আলো দিতে ।
তুমি কি ভুলে গেলে মোরে ? আমিগো নিঃস্ব প্রেমের দরিদ্র,
দেখা দাও তুমি একটি বার, ফিরে এসে তমালিকা রুদ্র …

guest
0 Comments
Newest
Oldest Most Voted