কবিতা রক্ত
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আমার দুই হাত রক্তে ভরা, দুই হাত দিয়ে দুনিয়ার সব গোলাপকে হত্যা করেছি।

আমার ঠোঁট জোড়া রক্তে ভরা, চুম্বন করেছি শেষ বিকেলের পড়ন্ত সূর্যকে।

আমার বুক রক্তে ভরা, সাধক রামকৃষ্ণের মত মা কালীকে জবার মালা পড়ানোর আগে নিজেই পড়েছি।

আমার দুই পা রক্তে ভরা, না জানি কোন দৈবশক্তিতে আমি হয়ে গেলাম ঈশ্বর,
বিশ্বের সকল মানুষ তাদের পাপ অন্যায়কে মোছার জন্য আমার পায়ে মাথা ঠুকতে লাগলো,
এত মাথা ঠুকে ঠুকে পা জোড়া রক্তে ভরিয়ে দিল।

আমার গোটা দেহ রক্তে ভরা, মন কোথায় থাকে তা জানার জন্য শরীরের ভিতর প্রবেশ করলাম,
শেষে যখন বেরিয়ে এলাম তখন মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সারা দেহ রক্তে একাকার।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

guest
0 Comments
Newest
Oldest Most Voted