| কবিতা | বাদল বরিষণে |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
এই বাদল বরিষণে মোর অন্তঃকরণ হতে
ভেসে আসে কোন ভৈরবী সুর।
বসে থাকি বাতায়ন পাশে চেয়ে থাকি অম্বরের পানে।
সহসা যেন ক্ষণিকের তরে ভেসে উঠে হারিয়ে যায়
তব সেই চির চেনা আননখানি দূর জলদের গায়।
তোমার চিরকালের তরে বিদায় হেতু রচেছিনু যে গীত
আজ তানপুরা লয়ে কোলে বাঁধি সেই সুর।
তোমার কত পুরাতন স্মৃতি ভিড় জমায় এই চিত্তে
ছেয়ে যায় ব্যাথাতুর গানের বাণী মোর নয়নের জলে।
তোমায় ভুলি যখন ক্ষণতরে সুর বাঁধার কাজে
কে যেন কেঁদে ওঠে আমার বুকের মাঝে।
বরষার বিদায় পরে আগমন হবে অন্য ঋতুর।
তবুও আমার এই গান তোমার নিকটে পৌঁছাবে না কোনোদিন।