কবিতা কিছু কথা হোক একান্ত গোপনীয়তা
কবি আল মামুন
Review This Poem

চুপিসারে কিছু বলিয়ো কথা,
কিছু কথা হোক একান্ত গোপনীয়তা।
যতো আছে চাওয়া ছোট বড়ো আশা-হতাশায়,
বলিয়ো কথা নীরব মুখ কাতর চোখ, হৃদয়ের গহীন ভাষায়,
গাঢ় গভীর নিঃসঙ্গ নির্জনতায়,
কিছু কথা হোক চূড়ান্ত নীরবতায়।
যতো সুখ স্বপ্ন আকাশসম,
যতো দুঃখ যাতনা বিষম,
যতো পাওয়া না-পাওয়ার অসীম অসম সমীকরণ,
যতো কারণ অকারণ মনোব্যথার ব্যাকরণ,
বুকের গভীরতায় উচ্চারিত হোক কিছু অনুচ্চারিত শব্দ বাক্য বিবরণ।
দু’টো ফোঁটা ছাড়িয়ে জল,
ললাট নোয়ায়ে তব জমিনতল,
কথা হোক মন খুলে প্রাণ ভরে,
কথা হোক হৃদয় উজাড় করে,
কথা হোক দিনভর রাতভর, সরোবর,
নিগূঢ় আরো কিছু কথা হোক স্বয়ং স্রষ্টার বরাবর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted