| কবিতা | পোড়া রাত ও তৃষ্ণার জল |
| কবি | আদ্যনাথ ঘোষ |
| কাব্যগ্রন্থ | দৈনিক সমকাল কালের খেয়ায় প্রকাশিত ৯ এপ্রিল, ২০২১ |
| সময় | ১১ মার্চ, ২০২১ |
| লিখার স্থান | পাবনা |
আমার ভরাট নদী
খালি হয় শুধু ভোর বিহান বেলায়।
জেগে থাকে একটি পাখি অনিমেষ চোখে।
অতীত বিস্মৃত ধুমে
আঁড়িপাতা চাঁদে।
এখানে ঘুমহীন রাত জাগে-
জাগে নদীজল- চোখে ভোর ও সকাল।
শুধু প্রতীক্ষায় বসে থাকে
পোড়া রাতের হৃদয়- ভস্মভোর।
রাতের কঙ্কাল এসে
পোড়াকাঠ জ্বালে
পুড়ে যায় শস্যমাঠ, সবুজ বাতাস
আড় পোড়ে আকাশের বুক
জোছনা মাখা দুপুরের
চোখের নুপূর।
তবুও ভররাত জাগে
ভোরের শরীর-
পাখির পালক সাথে নিয়ে
প্রতিদিন ডানা মেলে শস্য রেখে যায়
দহন বাতাস।
আমিও তৃষ্ণার জল চেয়ে
দরজায় বসে থাকি
সকাল ডানায়।