কবিতা প্রিয় অরোরা
কবি আবরার নূহান
সময় জুলাই ২৮, ২০২১
কবিতার বিষয় প্রেম, রূপক

প্রিয় অরোরা
কেমন আছো তুমি?
জানো আজকাল মাঝরাতে ঘুম ভেঙে যায়।

তখন তোমাকে নিয়ে
দু-লাইন কবিতা লিখতে ইচ্ছে করে
কিন্তু প্রচণ্ড ঘুমঘোরে
দু-চোখ ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে

ঘুম ভাঙা ভোরে
তোমাকে নিয়ে মাঝরাতের,
উদাস কবিতা লিখবার শখ জাগে!

কিন্তু কিছুতেই রাতের কবিতা
মনে পড়েনা লিখা হয়না;
আজকাল কি আমার স্মৃতি লোপ পাচ্ছে?

প্রিয় অরোরা
তুমি কি তোমার নামের অর্থ জানো?
অরোরা মানে মেরুপ্রভা।

ঘুম ভাঙা রাতের
লিখতে না পারা আমার যত কবিতা
অধরা হয়ে রয়,
ঠিক তেমনি তুমি মেরুপ্রভা।

এক জীবনে হয়ত কখনোই
দেখা হবেনা,
না লেখা কবিতার মত,
তুমিও অধরা প্রিয় মেরুপ্রভা।

যদি কোনদিন মেরুপ্রভার দেখা পাই
তোমাকে নিয়ে লিখবো প্রচণ্ড ক্লান্তিতে
ঘুম ভাঙা শত রাতের জমানো মহাকাব্য।

প্রিয় অরোরা কেমন আছো তুমি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted