| কবিতা | আমার সীমারেখা |
| কবি | অভিজিৎ নন্দী |
| সময় | মার্চ, ২০২৫ |
| লিখার স্থান | কলকাতা |
| কবিতার বিষয় | অন্যান্য, রূপক |
আমার হৃদয়ে সাদা ঘোড়ারা এখন শীতের কুয়াশায় ঘাস খেতে বেরোয়।
বাইরে বেরুনোটা আমার যতটা দরকার, তার চেয়ে বেশি দরকারী ওদের কাছে।
চশমাটা খুলে নিয়ে আমি দূরে তাকাবার চেষ্টা করি,
দূরপাল্লার ট্রেনটাকে দেখা যায় কিনা।
অনেক দিন হল, শীতের কুয়াশায় ছোট্ট শেডের তলায় দাঁড়িয়ে বৃষ্টিকে অনুভব করা হয় নি –
এত বাড়ি চারিদিকে!
আমাকে গ্রেপ্তারের সব বন্দোবস্তই হয়ে গেছে।
শুধু একটা সুইচই নিজের হাতের কাছে লুকিয়ে রাখতে চাই আজ,
যাতে প্রয়োজনে সব অন্ধকার করে দিতে পারি একসাথে!