বাংলা কবিতা, বৃত্ত কবিতা, কবি নাজমুল হোসেন নয়ন | কবিতা অঞ্চল
কবিতা বৃত্ত
কবি নাজমুল হোসেন নয়ন
সময় ৬ জুন, ২০২০
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক

রুটির ব্যাসার্ধেই ঢেকে যায়,
বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ
ভূমির কেন্দ্রভাগে।
পিঠ বেয়ে মাথায় চড়ে বসে
মাশরুম চাষি,
তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায়
হাটে অহমের বারান্দায়।

টের পাই আদি কোষীয়র
প্লেটে শেকড় গজিয়েছে আমার পা।
জেগে উঠেছি জানালার ওপারে
নিরেট অন্ধকারে।

এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন?
ওযুর জল ধরতেই বিসর্জিত কাঠামে
ধরা পরে যাই
বহন করা ইতিহাসের দাঁতে।

আমার ঠিক বিপরীতে বসে যিনি ভাত চাবাচ্ছেন,
আমি খেউজাল ফেলে তার দাঁতে লেগে থাকা মাছেদের,
তুলে আনতে চেয়েছি।
গত আড়াই বছর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted