কবিতা ধাপ্পা দেব ভাবছেন?
কবি অরূপ র. আচার্য্য
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম
Review This Poem

আপনাকে ধাপ্পা দেব ভাবছেন?
এত তর্ক আমাদের, নীরবে প্রত্যক্ষ করছে টেবিলের ওপর ভাতের থালাগুলি
ওরা আমাদের মতন শূন্য নয়, তবুও ওদের পাতে ডাল পড়েনি
তাই আজও এত শুকনো হয়ে আছেন, গ্রীষ্মের মেঘের মতন চুপসে থাকা
এই যে মেমসাহেব, আপনাকেই বলছি শুনুন
শীত যে কড়া নাড়ছে দুয়ারে, একরাতে যাবেন অনন্তদের ছাদে?
ইস, পৃথিবীতে কেন যে এ মদ আজও উৎপাদন হয়নি
কচি লেবুপাতার গন্ধ,
বাতাবি লেবুর রসে একহাঁড়ি খেজুর গুড় আর হরিৎ মদের মিশ্রণে-
আর অরণ্যে হরিণেরা আমাদের দিকে তাকিয়ে আছে
ইস, আমি তবে গেলাসে-গেলাসে পান করতাম।
মেমসাহেব, আমি আকণ্ঠ মদ্যপ দশায়
অনন্তদের ছাদভাঙা ঘরে শুয়ে, আর চোখ মেললেই একরাশ উজ্জ্বল নক্ষত্র
নভেম্বরের শীতুড়ে বাতাস সজোরে একটি চড় মেরে চোখের ছানি সরিয়ে দেবে
অভ্রের আভায় আজ ভরে উঠেছে অনন্তদের ছাদ
কী এক রাগ যেন ভেসে আসছে সেতার থেকে, তোমার আঙুলের কড়ায়
ঘোরলাগা সেই হালে মেমসাহেব তোমার গায়ের গন্ধ নিতাম; আমি তোমার গায়ে মুখ ঘষি চেয়ে
আপনাকে ধাপ্পা দিতে যাব কেন মেম মেয়ে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted