| কবিতা | বিলম্বিত মনোনয়ন |
| কবি | নাইমুর রহমান |
| কাব্যগ্রন্থ | তুমি_আমি_আর_বিচ্ছেদের_সন্ধ্যা |
| সময় | ১১ মে ২০২৫ (রাত্রির তৃতীয় প্রহর) |
| উৎসর্গ | অচেনা সম্পর্কের সারথি |
| লিখার স্থান | বা অ্যাটল (Baa Atoll) — হানিফারু বে (Hanifaru Bay) এর প্রবাল দ্বীপে পাশে একান্ত মুহূর্তে । |
| সম্পৃক্ততা | হৃদয়ের আদালতে যে মামলার রায় আগেই হয়ে গিয়েছিল, এটি তারই এক অপ্রকাশিত নথি। |
| কবিতার বিষয় | প্রেম |
বিলম্বিত মনোনয়ন
তোমাকে পাওয়ার নির্বাচনে আমি নোমিনেশন নিয়েছিলাম—
ভেবেছিলাম, তোমার প্রেমাসনে আমি-ই একমাত্র পদপ্রার্থী;
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবো, আর তোমার হৃদয়ের সংবিধানে আমার নামই হবে একমাত্র ধারা।
কিন্তু পরে বুঝলাম—
তোমার হৃদয়ের নির্বাচন তো অনেক আগেই সম্পন্ন হয়ে গেছে,
আর আমি ছিলাম কেবল এক দেরিতে জমা দেওয়া মনোনয়নপত্র।
আমি ভাষণ লিখেছি তোমাকে ঘিরে,
স্বপ্নে এঁকেছি জয়মালার ছবি—
আর তুমি নীরবে অন্য কারও হাতের আঙুলে আঙুল জড়িয়ে
তোমার রায় ঘোষণা করে দিয়েছিলে।
হারাটা আমার জন্য লজ্জার ছিল না,
কারণ আমি প্রতিদ্বন্দ্বিতায় হারিনি—
আমি হেরেছি তোমার পছন্দের কাছে,
তোমার নিশ্চুপ অথচ দৃঢ় সিদ্ধান্তের কাছে।
আজও যদি কেউ জিজ্ঞেস করে—
কেমন ছিল সেই পরাজয়?
আমি বলব,
এটা ছিল এক অভিজাত হার—
যেখানে ভালোবাসা ছিল সত্য,
কিন্তু বিজয় ছিল অন্য কারও নামে লেখা।
— MD. Naimur Rahman
কল্পনার জগতের গল্পকার-