| কবিতা | সুইসাইড নোট |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | অক্টোবর, ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
আমি এখন পুরোপুরি নিশ্চিত।
আমি পুরোপুরি নিশ্চিত যে আজ অব্দি–
পৃথিবীর সকল অমঙ্গলের জন্য আমিই দায়ী।
পৃথিবীতে ডাইনোসর বিলুপ্ত হয়েছে আমারই আঘাতে।
সিন্ধু সভ্যতা হারিয়ে গেছে আমার প্রকোপে।
ট্রয় নগরী ছারখার হয়ে গেছিলো আমার কল্যাণেই।
আমার জন্য পুড়ে গেছে হাজারও ঘর।
আমার কারণেই ডুবে গেছে শত শত জাহাজ।
আমি আছি বলেই আজ পর্যন্ত অমীমাংসিত পাহাড়।
মনে হয় আমার জন্যই পৃথিবীতে কারবালা হয়েছিলো।
আমার হাত ধরেই সংঘটিত হয়েছে প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
আর আমার কারণেই হয়তো স্বাধীন হতে পারে নি ফিলিস্তিন।
পৃথিবীর সকল সমস্যার দায় মূলত আমারই।
মানুষের বেঁচে থাকতে তাই আমাকে ঘৃণা করা জরুরি।
সবার নিঃশ্বাস নিতে আমাকে ব্রাত্য করা জরুরি।
এই পৃথিবীতে নিজের ছাপ রেখে যেতে চায় সবাই।
কিন্ত আমি বোধ হয় একমাত্র ব্যক্তি,
যে শুধু পাপ রেখে চলে যাচ্ছে।
আমি চাই না পৃথিবীর আর কোনো ক্ষতি হোক।
পৃথিবীকে বাঁচাতেই, মূলত আমার প্রস্থানটা জরুরি ছিলো।
তাই, খোদা হাফেজ।