| কবিতা | সঞ্চয় |
| কবি | কৌশিক মজুমদার শুভ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
বাবার থেকে আমরা জীবনে কিছু আশা করতে পারি নি,
পূজার জামা, ঈদের সেমাই, জন্মদিনের রঙ দেয়া কেক- কিচ্ছু না;
না ব্যাংক ব্যালেন্স, না ডিপিএস।
অনেকবার গোপনে ওনার পকেটে হাত দিয়েছি,
যা পেয়েছি তা শৈশবের সাদাকালো পাঠের মতোই করুণ,
পাঁচশো হাজারের নোটগুলো উনি কোথায় লুকিয়ে ফেলতেন ম্যাজিশিয়ানের মতো!
এইভাবে উনি আমাদের ক্রমাগত ফাঁকি দিয়ে যাচ্ছিলেন,
চিরদিনের হিসাবী মানুষ, শুধু দিনগুলোই খরচ করে গেছেন বেহিসাবে,
বাবা যেদিন মারা গেলেন, আমি তোশক সরিয়ে খুঁজেছিলাম-
প্রতিদিন যেখানে সিঁথান দিতেন,
সেখানে আমার জন্য উনি জমা রেখে গেছেন ওনার আজীবনের দুঃখ।