কবিতা ব্যক্তিগত বলতে কিছু থাকতে নেই
কবি সৈয়দ মেহেদী হাসান
কাব্যগ্রন্থ সাদা হাওয়ায় পদার্পন
সময় 2015
কবিতার বিষয় রূপক, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

ব্যক্তিগত কোন মত নেই, মতামত থাকতে নেই—
যা হচ্ছে সবটুকু আমাদের প্রাপ্তি নয়; তবুও পাচ্ছি…
বুনো মহিষ যখন হেঁটে বেড়ায়—সাদা হাওয়া কার বুকে লাগে?

ধেনো জল ছুটে গেলে ডাঙার যৌবন,
আমরা অখুশি নই অযাচিত উত্থান;
কথা বলতে বলতে শব্দরা দেয় উঁড়াল
ফেরত ঠিকানায় তারা কেউ আসে না।
শীত গ্রীষ্ম বারোমাস ঝুলে থাকে ডানা
মড়কের পিচুটি টেনে মচ্ছবে মোম দাও!

আমাদের শহরটা ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে
অথচ দেখ—কেমন ঠোঁট জুড়ে ভাঙছি প্রতিশব্দ

আমি উচ্চারণ করতে চেয়েছিলাম ক্ষুধার কথা
বলতে চেয়েছিলাম, বাচ্চাটি কাঁদছে—ওকে স্তন্য দাও
কথা না বলতে বলতে বোবা হয়ে গেছে ক্ষ্যাপাটে
তাকে থামাও।
জানতে চেয়েছিলাম—মা কেমন আছে? — মা

অথচ দেখ, ব্যক্তিগত কোন মত নেই
মতামত থাকতে নেই আমাদের।
যা হচ্ছে সবটুকু প্রাপ্তি নয়—তবুও পাচ্ছি—

guest
0 Comments
Newest
Oldest Most Voted