কবিতা ভালো লাগে না
কবি ফরিদ হোসেন
উৎসর্গ ডঃ গোলাম কিবরিয়া ও মৌসুমী কে
লিখার স্থান যুক্তরাষ্ট্রে
সম্পৃক্ততা কবিতা
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

আমার ভালো লাগে না, ময়না
আমার ভালো লাগে না ।
পড়তে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না
শুতে ভালো লাগে না , ঘুমাতে ভালো লাগে না ।
ভালো লাগে না-ইলিশের ডিম, ভর্তা ভাত
কাঁচামিঠা আম আর টসটসে জাম ।

ভালো লাগে না-
রোদ বৃষ্টি অথবা জ্যোৎস্নাও ভালো লাগে না ,
বন্ধুদের আড্ডা, মামার চায়ের দোকান ,
পুরান ঢাকার গলির ধার,
সিগারেট ভালো লাগে না
ভালো লাগে না বিরিয়ানি ‘নান্না মিয়ার’ ।
ভালো লাগে না সাম্প্রতিককালে-
বাড়ীর খোলা ছাদ সকালে বিকেলে –
ভালো লাগে না ।

আমার ভালো লাগে না –
সিনেমা থিয়েটার, মঞ্চের নাটক অথবা যাত্রাপালা
কোন কিছুই নিভায় না মনের অনল জ্বালা ।

বিক্রমপুরের হাওয়া, হলদিয়া গ্রামের খাল
ভালো লাগে না আর ডুব সাঁতার
শস্যের ক্ষেত, দিগন্ত বিস্তৃত সরিষার ফুল
অতঃপর আমের মুকুল
আমার ভালো লাগে না আর ।

শুধু তোমার মুখের আলো
লাগে ভালো ,
কাঞ্চনজঙ্ঘার উপর ভোরের মোহিত আলো যেমন
ভালো লাগে তেমনি দেখতে সারাক্ষণ
তোমার মুখটা দৃশ্যমান হয় যখন ।

ভালো লাগে , যখন তুমি আসো-
তখন ভালো লাগে এমনকি হতে পারাপার
চিকন বাশের সাঁকো ।
শুনতে ভালো লাগে- ভালোবাসি’
শব্দটা বাংলার ।

আমি বসন্তের একটি বাগান চাইনি
চেয়েছি তোমার হাতের একটি মাত্র গোলাপ
তার জন্য তুমি পার হতে বললে বিশাল পুলসিরাত ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted