| কবিতা | প্রিয়তমা |
| কবি | অনিরুদ্ধ রনি |
| কবিতার বিষয় | প্রেম |
শোনো প্রিয়তমা–
তুমি গাঢ় কাজল, কমলা রঙের বারোয়ারি শাড়ি পরিও, গায়ের ওপর রেখো একটা কাশ্মীরি শাল।
আজ নয়নতারা ফুটবে; খুউব শীত নামবে।
তোমার সেল্ফে যে একটা বই
তার সাথে ভ্রমণ করতে হয় খুব সতর্কে।
যে আশ্চর্য শহরে প্রবেশ করা যায় সেখানে রিনরিনে হাওয়া বয় চব্বিশঘন্টা, বারোমাস বৃষ্টি নামে সন্ধ্যায়, দীর্ঘ শীতকাল কাটিয়ে ওঠা যায় না।
ব্যথার হাসির মতো গানের টেপরেকর্ড বাজতে থাকে অনর্গল।
শোনো প্রিয়তমা, আজ রাতে পূর্ণিমা হবে।
তুমি যত্নে চুল বেঁধে রাখিও লাল ফিতায়, মুখ ঢেকে রাখিও অবাধ্য শাড়ির আঁচলে সাবধানে। টিপ লুকিয়ে রাখিও রাবীন্দ্রিক চোখের আড়ালে।
একটু সাধারণ থাকিও
এমনি-ই সংকটে বোঝাই বুক, গ্রহণ লাগতে পারে।