কবিতা বাড়ি ফিরে এসো
কবি আফসার নিজাম
লিখার স্থান ঢাকা
Review This Poem

বাড়ি ফিরে এসো
সূর্য ডুবে যাওয়ার পর পাখিরা যেমন ফিরে আসে
বাসায় ফিরে তারা যেমন কিচিরমিচির ঝগড়া করে
তুমিও ঝগড়া করো, রাগ চেপে গেলে দুটি বকা দিও
তবুও হেমন্ত শেষে শীতের মতো বাড়ি ফিরে এসো
নকশীকাঁথার গল্পের মতো
তোমার মাথায় হাত বুলিয়ে দেবো
বাড়ি ফিরে এসো
ফজরের আজানের মতো
চাঁদনী রাতে তোমাকে গান শোনাবো
বাড়ি ফিরে এসো
নতুন বউয়ের মতো
ঘুমটা দিয়ে বাসরঘরে অপেক্ষায় রবো
বাড়ি ফিরে এসো
যদি ভুল করি বাপের বাড়ি পাঠিয়ে দিও
তৃষ্ণা জেগে ওঠলে ফিরিয়ে এনো
তবু তুমি বাড়ি ফিরে এসো
নাকের নথের মতো এটুকু সামান্য দাবি
জমির আল বেয়ে দরদী কৃষকের মতো
বাড়ি ফিরে এসো
হালদেয়া গরুর পিঠে যেভাবে পাচন ব্যবহার করো
রাগ মেটাতে আমার পিঠেও বসিয়ে দিও দু’চার ঘা
আমি কিছুই মনে করবো না
পাশফেরা হাসি দিয়ে শুষে নেবো সংসারের বেদনা
তবু তুমি বাড়ি ফিরে এসো
হারিয়ে যাওয়া জালালী কবুতরের মতো
তোমার জন্য পথ চেয়ে বসে আছি
বেনাপোল সীমান্ত পার হয়ে তুমি চলে এসো
আয়নাঘর থেকে বের হয়ে তুমি চলে এসো
তোমার মেয়েটি অপেক্ষায় আছে বাবা আসবে
তোমার ছেলেটি অপেক্ষায় আছে বাবা আসবে
তোমার মা অন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে
তোমাকে হারানোর বেদনায় বাবা মারা গেছে
তুমি কী শুনতে পাও না!
বাড়ি ফিরে এসো
করুণা করে হলেও বাড়ি ফিরে এসো
ভুল করে ভুলে গিয়ে বাড়ি ফিরে এসো
রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া সূর্যের মতো
ভোরবেলাতেই বাড়ি ফিরে এসো
ঝিমদুপুরে রোদের মতো বাড়ি ফিরে এসো
ঝুম বরষার বৃষ্টির মতো বাড়ি ফিরে এসো
হীমকুয়াশা শীতের মতো বাড়ি ফিরে এসো
আমরা অপেক্ষায় আছি
শুধু তোমার জন্য অপেক্ষায় আছি
ফিরে এসো, বাড়ি ফিরে এসো।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Bithi
Bithi
10 months ago

“বাড়ি ফিরে এসো”
কতোই না কষ্টের জীবন তাদের যাদের বাড়ি ফেরার মানুষ গুলো বাড়ি ফেরে না।
কবি খুব সুন্দর লিখেছেন।