| কবিতা | বিবর্তন |
| কবি | পীযূষ কান্তি দাস |
| সময় | ২৪শে সেপ্টেম্বর |
| উৎসর্গ | আমার পাঠকদের |
| লিখার স্থান | মহেশতলা কোলকাতা |
বিবর্তন
—————————–
পীযূষ কান্তি দাস
—————————–
আজকাল মাথা ধরে রোজ,
কানে কানে বারেবারে কে যেন
বলে যায় কতো কথা….
আমি শুনি কিন্তু বুঝতে পারিনা কিছু ।
এই তো সেদিন বলল কে যেন
গতিপথ পাল্টাতে চায় পৃথিবীও তার
অথচ মানুষ তাতেও দিব্বি নির্বিকার।
আমি টি ভি দেখা বন্ধ করেছি বহুকাল
রাজ্যের ভবিষ্যত নিয়ে
কে যেন মাতাচ্ছিল বাজারে চাতাল।
অথচ তাঁকে হারানের মা শুধালে যখন
কোথায় গেলে মিলবে সস্তায় চাট্টি চাল
দিতে পারো খোঁজ
পড়িমরি পালালো তখন।
গাল ফোলানো কথায়
এখনো আমরা ঊর্ধ্ববাহু নাচি
আবার চিটে গুড়ের লোভে হামাগুড়ি দিই,
যে যা বলে তাতে সায় দিই
মাথা নাড়ি হ্যাঁ বাচক ভঙ্গিতে ।
পোষা কুকুর লেজ নাড়ে
কিন্তু বেচাল দেখলে সেও চায় কামড়াতে
আমরা পারি না
কেননা তোষামোদ করতে করতে
শিরদাঁড়া টাই বিলুপ্ত ,
আমরা আর মেরুদন্ডী নেই
সবাই সরীসৃপ হয়ে গেছি সব।।