| কবিতা | কবিতা |
| কবি | ফারুক আহমেদ রনি |
| লিখার স্থান | লন্ডন, যুক্তরাজ্য |
কবিতা
কবিতা আমার কাছে এক অদৃশ্য আলিঙ্গন
প্রতিটি পঙক্তিতে ভাঁজকরা তার নিঃশ্বাস ।
ভস্মেঢাকা শহরেও কবিতায় আকাশ প্রস্ফুটন
এক টুকরো নির্মলনীলে ভেসে থাকে শুভ্রতা
বিপন্ন সময়ের সাথে মুগ্ধ সহবাস।
স্বর্গেরসিঁড়ি শূন্যে নেমে আসে..
আর আমার ভিতরে জেগেওঠে শান্ত একটি হ্রদ।
চাঁদের শরীরে জ্বলন্ত নক্ষত্রের উষ্ণতায়
ফুটেওঠে কবিতা ।
আমাকে শেখায় আগুন অথবা বারুদের সামনে
শব্দের কোমল অথবা দ্রোহের শক্তি।
আগুনেপুড়ে শব্দেরা জ্বলতে শেখে
জ্বলে জ্বলে উড়ে যাওয়া ছাই থেকে
গড়েওঠে নীরব কাব্যময় পৃথিবী।
ঝড়ে ভেঙেপড়ে হাট-বাড়ি
এমনকি নদীরাও,
তবু কবিতা রঙধনুর মত আঁকে ছবি
তার ছোঁয়ায় উর্বশী রয়েই যায় অব্যক্ত,
হৃদয়ের গোপন কোণে মোনালিসা রহস্যের হাসি
তার ঠোঁটের নীরবতা থেকে
আমি পড়তে শিখি ভাষা ও কবিতার প্রথমমন্ত্র।
এক অনাবাসী জাদু।
কখনো অতৃপ্ত আমি মিশে যাই কবিতায়
শূন্যতার মাঝে তবুও পূর্ণতায়।
যুদ্ধের মাঠে বারুদের গন্ধ শুঁকে শুঁকে
জেগে থাকি কবিতার পবিত্রঘর করে
শিল্পিত শরীর,
আর আমার দুহাত স্পর্শ করে উড়ে যায়
স্বপ্নভাসে পালক তুলে এক শুভ্র কবুতর।