| কবিতা | সমাপ্তি |
| কবি | লিংকন দেব |
| কাব্যগ্রন্থ | রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে |
সৃষ্টিশীলতার অদ্ভুত রহস্যের মাঝে
তার কাছে প্রেম ছিল কেবলই নিছক কবিতা ।
সখ্যতাটা পূর্ণতার আকাশে উড়ে বেরানো
কবিতালোকের তীরবর্তী ছায়ার মত
কণ্ঠবিন্যাসের পূর্ণাঙ্গ উন্মাদিত হাওয়া ।
কবিতাই প্রেম, কবিতাই বিপ্লব
কবিতাতেই মুক্তি,
কবিতার প্রত্যেকটা পঙক্তিতে
সুবিন্যস্ত কণ্ঠস্বরই একমাত্র শক্তি ।
ভাবের আবর্তনে সূক্ষ্ম দীর্ঘশ্বাসে
শুধুই কবিতার প্রতিচ্ছবি ।
কণ্ঠজাদুতে যে আর মুগ্ধ করবেনা
লাখো ভক্তের হৃদয়,
প্রেম কিংবা বিপ্লবের জন্য
কণ্ঠযুদ্ধে অবগাহনও করবেনা কখনও ।
আবৃত্তির তীব্র মায়াজালে
আর কাউকে আচ্ছন্ন করবেনা কোনদিন,
তার বলিষ্ঠ শব্দবানে
ভাসাবেনা কখনও কাউকে আর ।
আবেগের চরমসীমা পেরিয়ে
স্মৃতির জগতে হয়তোবা সে বেঁচে থাকবে
কিন্তু কবিতার অন্তরজালে
সে আর নেই ।
একজন সম্ভাবনাময় আবৃত্তিশিল্পীর
সমাপ্তি এখানেই ।
তার আবৃত্তিশিল্পের অপমৃত্যুও
এখানেই ।