| কবিতা | অনন্যা |
| কবি | লিংকন দেব |
| কাব্যগ্রন্থ | রাগকুমারী... স্বপ্নের কাছে, কবিতার কাছে |
তোমাতেই প্রকাশ আমার
তোমার মাঝেই লীন,
তোমাতেই ভালোলাগা
হই উদাসীন ।
তোমাতেই ভাবুক আমি
নিদ্রাভরা রাতে,
তোমাতেই দ্বিপ্রহরেও
জ্যোৎস্না আমার সাথে ।
তোমাতেই গোপন আমার
দুঃখের কারাগার,
তোমাতেই খুশির ভেলা
সহজ পারাপার ।
তোমাতেই প্রেম আমার
শিশিরসিক্ত ঘাস,
তোমাতেই বর্ষাদিনেও
শান্ত নীলাকাশ ।
তোমাতেই চিত্ত আকুল
পলকবিহীন চোখ,
তোমাতেই মন্ত্রমুগ্ধ
মনের স্বর্গলোক ।
তোমাতেই ব্যাকুল আমি
আকুল যত আশা,
তোমাতেই খুঁজে বেড়াই
আমার ভালোবাসা ।
তোমাতেই সীমা আমার
অসীম জেনো কন্যা,
তোমাতেই সবকিছু তাই
তুমিই অনন্যা ।