কবিতা প্রিয় নন্দিনী
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় ২০২০
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙ্গামাটি
কবিতার বিষয় বিরহ

ভেবেছিলাম প্রেমিক হয়েই থাকবো,
ছড়িয়ে দেবো ভালোবাসার দ্যুতি,
সমাজটাকে সিঁকেয় তুলে রাখবো,
কে জানতো তুমি ভাংবে প্রতিশ্রুতি

আমার ভিলেন যখন হিরো হয়ে গেলো,
বিধির দৃশ্যকল্পে বিচ্ছিরি এক প্ল্যানে,
পাশ করা পরীক্ষাতে মেনেছি ফেলও,
বাকীটা তোমার আমার ব্যর্থ উপাখ্যানে

এই যে আমার আখ্যান পরিতাপের,
না বুঝতেই হয়ে গেলো কানাকানি,
তুমিও দিলে দীক্ষা মন খারাপের,
ইতিহাস তো লিখবে সেই আখ্যানই

কিচ্ছু বোঝোনা কবি, বোকা, ফুউল,
ইতিহাসে শুধু আত্মকথন লেখে,
এটাই তোমার ঐতিহাসিক ভুল,
কল্পলোকটা সরাও জীবন থেকে

কী করে সব টাইমপাস বলে দিলে!
সত্যিই আমি ভালোবাসা বলে মানি,
সেই বিপ্লবে তুমিও সামিল ছিলে,
সত্যি সে প্রেম মেকি নয় এতোখানি?

গোলাপ হাতে ফিরে এসো আবার,
আমিও আসবো জেনে রেখো তবে,
স্বর্গের আলো ধুয়ে দেবে চারধার,
সারাক্ষণ ছুঁয়ে থাকবো অনুভবে অনুভবে

আসলে আমার পরজীবী এই শরীর,
জীবন মৃত্যু করে শুধু টানাটানি,
যেন নির্জীব কাঁটা অচল স্তব্ধ ঘড়ির,
জানো না বোকা ভালোবাসি কতোখানি

guest
0 Comments
Newest
Oldest Most Voted