কবিতা অনিরুদ্ধ কথামালা ২
কবি অনিরুদ্ধ রনি
কাব্যগ্রন্থ চুম্বনের উত্তাপ
সময় নভেম্বর, ২০১৯, সন্ধ্যা
উৎসর্গ পৃথিবীর সকল ভালোবাসার মানুষকে
লিখার স্থান গুলশান ১, ঢাকা, গুলশান
সম্পৃক্ততা একাকী আবৃত্তির কবিতা
কবিতার বিষয় প্রেম, বিরহ

অনিরুদ্ধ জানো...?
সুন্দর সুন্দর সব আকাশের ছবি,
আজকাল ফেসবুক জুড়ে দেখি।
তোমার আকাশের মতো সূর্যহীন নয়।
একেবারে ঝলমল করছে আলোয় আলোয়!

ভাবছি--
এই আকাশটা আগেও ছিলো।
ছিলোনা কারও দেখার সময়!
সারাদিন দৌড়ঝাঁপ আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে-
বিছানায় গা এলিয়ে দিয়ে
ভুলেই গেছে সবাই জীবনের মানে।
অথচ এসব নিয়ে তোমার বিশেষ কোন ভাবনাই ছিলোনা-

তুমি বলতে --
জীবন কি টাকা বানানোর কারখানা?
নাকি উদয়াস্ত নাভিশ্বাস তোলা খাটনি!
তখন রাগ করলেও

আজ ভাবছি -
সত্যিইতো!
অর্থহীন খরচের অতিরিক্ত অর্থ উপার্জনের মধ্যে -
হারিয়ে গেছে মানুষ,মানবিকতা,
আর জীবনের ছোটাখাটো কতো আনন্দ!
এমনকি আয়নায় নিখুঁতভাবে দেখা হয়নি নিজেকেও!

অনিরুদ্ধ -
সবাই খালি ছোটে আর ছোটে।
অথচ তুমি ছিলে কী ভীষণ নির্বিকার!
আকাশ কিংবা বরফ দেখেই দিব্যি কাটিয়ে দিতে একটা দিন!

অনিরুদ্ধ-
বেগুনি ফুল তোমার কতোইনা প্রিয় ছিলো--
তুমি বলতে--
পিচঢালা পথ ছেয়ে যাবে সাদা আর বেগুনি ফুলে ;
আমরা ধীর পায়ে হেঁটে যাবো সে অন্তহীন পথে।

অনিরুদ্ধ-
বেগুনি ফুল আছে, পিচঢালা পথও আছে
শুধু তুমি নেই -!
যদিও, আজ আর ভয়ে কেউ সে পথে হাঁটেনা।
অবশ্য-
তুমি নিশ্চয়ই এসবের তোয়াক্কা করতেনা!

অনিরুদ্ধ -
কতো কথা জমে আছে এ হৃদয়ে
তুমি কি জানো তা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted