| কবিতা | আর এক মেরাজের গল্প |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, সমসাময়িক, স্বাধীনতা |
আমার সঙ্গে তোমার দেখা হবে না,
এক শহরে থাকবো,
হয়তো পাশাপাশি একই রাস্তায় হাটবো -
তবুও দেখা হবে না আমাদের!
আমার ইচ্ছেগুলো ইচ্ছে অনিচ্ছায় এড়িয়ে চলবে তুমি..
পথ চেয়ে থাকবে পথে..
আমি দিক শূন্য পানে।
হয়তো আরও কিছুদিন পরে
বয়স যখন পেরিয়ে যাবে অনন্ত বসন্ত
তখন দেখা হলো আমাদের আর একবার,
পাশাপাশি দুটি মানুষ,
চিনেও যেন না চেনার অভিপ্রায়।
তোমার চোখের কোণে কেমন শুষ্ক ত্বক,
তার নিচে বলি রেখা,
আমার চুল গুলো জোর করে তখনও কাঁচা রাখার কি নিদারুন প্রয়াসের মাঝেও দীনতা যেন প্রকট।
তুমি তাকিয়েছিলে একপলক -
আমি বেমালুম তোমার মাঝে তখনও নিজেকেই খুঁজেছি।
সত্যি কি আমি তোমার কোথাও নেই?
হাজার হারানো মুহূর্ত গুলো কি
ইচ্ছে করলেই হারিয়ে ফেলা যায়?
সব তারারই তো জেগে থাকে সূর্যের আলোর উল্টো পিঠে।
হয়তো দেখা হবে আমাদের
কিন্তু না চেনার মত এড়িয়ে চলবো আমরা পরস্পর কে,
হবেনা আমাদের কুশল বিনিময়।
বুকের ভেতর টা কোথাও চিন চিন করে উঠবে আমাদের।
হয়তো না দেখার মত পরস্পরের চোখ এড়িয়ে নিজেরদের অস্তিত্ব আড়াল করে দেখে নেবো পরস্পর কে আরও কতবার!
কিন্তু কোন কথা হবে না আমাদের।
তোমার -আমার একসাথে হাতে হাত রেখে চলা পথ গুলিও হতবাক হয়ে চেয়ে দেখবে আমাদের
কত অচেনা মানুষ আমরা!
আমরা কি সত্যি হারিয়েছি
নাকি হারিয়েছে আমাদের সময়,
হয়তো সময়ই হারিয়ে দিয়েছে আমাদের মুহূর্ত গুলিকে,
আমরা আজ কত অচেনা,
তবে বিশ্বাস কর আমাদের স্মৃতি গুলো আজও কত তাজা,
নইলে আড়াল চোখে আমাদের মুহূর্ত গুলোকে খুঁজবো কেন, বল?
আমাদের আবার দেখা হবে,
হয়তো এই পথেই,
কোন দোকানে, কিংবা কোন রেস্তোরায় কিংবা কোন দুসংবাদের আসরে,
কিংবা আমার মৃত্যুতে তোমার দূরে দাড়িয়ে থেকে দু ফোটা চোখের জল ফেলবার মুহূর্তে।
তারপর কোন এক বিকেলে জান্নাতের গুলবাগিচায় আমরা দুজনে হাতে হাত রেখে মোহাম্মদী মেরাজের গল্প শুনছি।।