কবিতা বঞ্চনার চোখ
কবি আজিজ বিন নুর
সময় নভেম্বর ১১, ২০২৪
উৎসর্গ নির্যাতিত মুসলিম গোষ্ঠী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, ভারতবর্ষ, যুদ্ধ, রূপক, সমসাময়িক

বঞ্চনার চোখ নিয়ে পাথরের অনুভূতি গড়ায় সেতার
হেমন্তের শেষ গান বেদনার সোপানে শুধু বিষণ্নতার--
বুক থেকে কাঁচা খড় নিয়ে আসে বিছুটির পাতা ঘেরা রোদে
মলুয়ার দিন ফুরায় বারুদ আর বিষাদের অবরোধে।

কোন এক গাজা থেকে রূপসী বালিকা এনে দেহহীন মন
ঝরাপাতা মরারোদ বেবুদ রাজার বাড়ি খুঁড়ে খোজে বন।
নীলচে চোখের কোণে শতাব্দী পুরনো কোন আলিশান মোহ
পতিত জেরুজালেম আঁকা আছে চুলে তার ভূলুণ্ঠিত ব্যূহ।

মুখের অক্ষরে গাঁথা নবনীর নারীত্বের কোমল সন্যাস
অস্ত্রের ঘৃণায় ভরা বুকের সারসী তার ছুঁড়ে যায় ত্রাস।
অমোঘ হেমন্ত তবু নারীর কোমল রূপে টেনে আনে শীত
মানুষের ভয়ে লুপ্ত মানবতা তবু গায় সুন্দরের গীত।

হে ভংঙ্কর সুন্দর! শক্তিমদে ভিজে ভিজে ত্রস্ত মাতালতা!
জারজের প্রতিপত্তি, আনবিক দুর্বৃত্তের উষ্মাপূর্ণ কথা!
মানুষের চেয়ে ঘৃণ্য মহাবিশ্বে আর কিছু নেই রেখো জেনে
স্বজাতির দেহখেকো নৃশংস মানুষই লাল নিজ খুনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted