কবিতা জলঢাকা
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 25 সেপ্টেম্বর, 2023,বিকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা নদী প্রবাহ
কবিতার বিষয় প্রকৃতি
4/5 - (1 vote)

জলঢাকা, জলঢাকা তুমি যাও বয়ে
কুলু কুলু কুলু রব দিয়ে।
উপল খণ্ডের নিবিড় ভিড়ে
যারা ঘিরে আছে তোমার দুই তীরে,
খণ্ডে খণ্ডে করিছ আঘাত ক্রমাগত
যারা দেয় বাধা, নয় সাধা,
তারই মাঝে ঝরনা ধারায় প্রবাহিত তুমি অবিরত।

জলঢাকা মিলনে যায়
ধরলা পানে চায়।
নামহারা জলঢাকা
ধরলা নামই পায়।

দূর হিমালয়ে উৎস তোমার,
এপার বঙ্গ ভেদ করে,
ব্রহ্মপুত্রে ধায় ধরলা
ওপার বঙ্গের মাঝ দিয়ে।
ভরা বর্ষায় ভয়াল রূপ
দু’কুল ছাপিয়ে,
প্লাবন তোমার ডাক দিয়ে যায়
বাংলাকে ভাসিয়ে।

সূর্য কিরণে আলোর ক্ষেপণে
শ্বেত শুভ্র ঐ জলধারা,
নহে কোন ভ্রম আছে কত শ্রম
বাধায় বাধায় অতিক্রান্ত
যেন নিম্নগামী সোপানে।

জলঢাকা, কি ঢাকা, রয়েছে তোমার ধারার মাঝে!
জানিতে চাই খুঁজে না পাই
একদৃষ্টে রহি তাই
তাকায়ে তোমার ধারার পানে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted