| কবিতা | সূর্যাস্তের সমুদ্র স্নান |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | মাধবীলতা কে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | প্রেম |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ |
সূর্যাস্তের সমুদ্র স্নান
©আজিজুল হক
রক্তের স্রোত বয়ে বেড়ানো সূর্যাস্তের লাল রেখা যেন ধেয়ে আসছে ক্রমশ আমার দিকে ,
আমি সমুদ্র সৈকতে
গুনছি হাতের আঙুলে মৃত ঢেউ গুলি,এক একটা মৃত মানুষ!
স্পন্দন হীন দেহ যেন ভেসে চলেছে পৃথিবীর মত….
হঠাৎ
অকারণ মুহূর্তগুলো দংশন করে মাধবীলতার ঠোঁট !
আমি নির্বোধ পাগলের মতো তবুও ভালোবেসে সমুদ্র থেকে ঝিনুক কুড়োই স্বপ্নের মতো।
সূর্যাস্তের রুপোলি আভা গুলো মুঠো বন্দী করি বারবার,
আমার ভাবনা জুড়ে
মাধবীলতার সিঁথির মধ্যিখানে এক আকাশ নুতন পৃথিবী ।
তবুও কোজাগরীর চাঁদ
রাত জাগে আমার সনে,
আমি অবোধ বালকের মতো
মাধবীলতার তন্দ্রাচ্ছন্ন নিশ্বাসে তার বুকের উঠানামায় নেভানো আগুন জ্বলে উঠতে দেখি বারবার।
যে ভ্রমর এসেছিল একদিন নি:শব্দে,
কেটে গেছে তা বহুকাল।
শব্দ দূষণের যৌবন বেলায়
বিষাক্ত সাপের ছোবল নিজের বুকে লুকিয়ে রেখেছি অনন্ত কাল !
আকাশ টা বড্ড মেঘলা আজ আমার বুকে..
আমি তবুও আর একবার সমুদ্র স্নানে যাব,
মাধবীলতার উষ্ণ অভ্যর্থনায়
রক্তাভ সূর্যাস্তের বিগত যৌবনের আমন্ত্রণে।
©আজিজুল হক