| কবিতা | তবুও তারা যুদ্ধ করে |
| কবি | আব্দুল্লাহ আলী ইফতি |
| সময় | ৩০ই অক্টোবর ২০২৩ |
| উৎসর্গ | ফিলিস্তিনি লাশগুলোর প্রতি |
| লিখার স্থান | বাকলিয়া,চট্টগ্রাম। |
| সম্পৃক্ততা | ইজরায়েলের গণহত্যা,নিপীড়িত জনগণ |
| কবিতার বিষয় | যুদ্ধ, স্বাধীনতা |
বুকের ভেতর একটা পুরনো মর্গ নিয়ে বসে আছি
লাশগুলোর মাথার উপর ছাউনি ঘেরা পরাধীন পতাকা।
লাশগুলোর বুকের ভেতর এখনো ধ্বনিত হচ্ছে,
"লা ইলাহা ইল্লাল্লাহ"
বুকের ভেতর একটা পুরনো মর্গ নিয়ে বসে আছি।
বৃদ্ধ পিতার ঘোলাটে চশমা
মায়ের নরম আঁচল
পাঁচ বছর বয়সী শিশুর হঠাৎ আবদার
সবই পলাতকা এখন।
ছাপছাপ রক্তফোঁটায় ভেসে ওঠা শিশুর শেষ হাসি
লেপ্টে থাকে ক্যাকটাসের মতোন নবজননীর কোলে।
মুক্তিকামী কবির সেই কবিতা খুঁজতে থাকে
সেই কবিকে ভেঙে পড়া দালানের দু'ফুট নিচে।
তবুও তারা যুদ্ধে যাবে,স্বাধীন হবে বলে।
তবুও তারা যুদ্ধ করে,গম্বুজ রক্ষার স্বার্থে।
বুকের ভেতরের রক্তিম ছায়ায়
পড়ে থাকবে সব শহীদের নাম।
তবুও তারা যুদ্ধ করে।
তারা জানে—শরীরে বারুদের গন্ধ মেখে
উড়ে যাবে তারা ডানা মেলে কোনো না কোনো একদিন।
তবুও তারা যুদ্ধ করে,স্বাধীন হবে বলে।