| কবিতা | প্রিয় বন্ধু |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | ডিসেম্বর , ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, বিরহ, মৃত্যু |
প্রিয় বন্ধু
————-
—নজরুল ইসলাম খান
আমার যখন মরণ হবে ,
সবাই তোমায় সরিয়ে দেবে ।
কাফনঢাকা নিথর দেহ,
অনাদরে পড়ে রবে ।
আমায় তোমার ধরতে মানা,
হৃদয় যত হোক দেওয়ানা।
নিষেধ আছে পাশে বসে,
আকুল হয়ে মরাকান্না ।
তুমি কিন্তু একটু ফাঁকে ,
ছুয়ে দেবে আঙুলটাকে ।
সঙ্গী করে বিদায় নেব ,
সেই স্পর্শের তৃপ্তিটাকে ।
বিদায় বেলা ঘোমটা খুলে ,
দেখে নিও লজ্জা ভুলে ।
স্মৃতি মাখা আবেশটুকু ,
জড়িয়ে রবে মর্মমূলে ।
দাফন শেষে কবর পাশে ,
হঠাৎ যখন সন্ধ্যা আসে ।
তুমি খানিক থেমে যেও ,
প্রিয় বন্ধু আমার কাছে ।
যখন তোমার হয় অবসর ,
দেখে যেও আমার কবর ।
পিপীলিকার কানে কানে,
জেনে যেও সকল খবর ।
মাঝে মাঝে স্বপ্নে এসে,
আগের মতন ভালবেসে ,
ধরব তোমার হাত দুখানা ।
উঠব হয়ত অট্ট হেসে ।
সকল কাজের শেষে, যখন
ক্লান্তি আসবে তোমার, তখন
চলে এসো একেবারে ;
ঘুমিয়ে রবো জড়িয়ে দুজন।
১৭/১২/২০২২
টুটপাড়া, খুলনা