কবিতা ডুবে যাওয়া চাঁদের ছায়া
কবি মামুনুর রহমান
কবিতার বিষয় রূপক

তোমার সৌন্দর্যে সবাই হারালো নিজেকে; তু’লে নিল প্রচলিত বিধি
যা পুষ্পময় ক’রে রেখেছিল তাদের গভীর ভাবাবেগের চন্দ্রালোকে;
নিজেকে ভাবতে শুরু করলো সকল রূপের অপরিসীম কণ্ঠ নিঃশব্দে,
নিজেকে নিয়ে গেল তোমার অনেক কাছে, তার ব্যবধান খুব বেশি নয়,
শুধু অনুভূতিতে জমে থাকা বিষাদের ছায়া; বিচ্ছেদে ভ’রে আছে প্রাণ;
তারা মনে ক’রে সকল সৌন্দর্য এক, চাঁদ ও জ্যোৎস্নার নিসর্গ-নদী
ব’য়ে যাওয়া প্রবাহিত রুপালি ছায়া আর অবিন্যস্ত যতকিছু পুণ্যজলে,
তাদের মাঝ থেকে হারিয়ে গেল আঁধারের যত উপকথা স্বপ্নলোকে;
নিজেকে দাড় করালো নীলিমায়, নক্ষত্রের রাতে, জ্যোতির্ময় পূর্ণিমায়;
মুগ্ধময় আভাসে, ভেসে যাওয়া রক্তিম ঠোঁটে; উজ্জ্বল অন্ধকারে বহু
মসৃণ ব্যাকুলতা ভাবনার চিত্তে; স্মৃতির অতলে, কৃষ্ণপক্ষের অপার
সৌন্দর্যের একক কোন অর্থ তাদের জানা নেই; নির্জনতার রাত্রের;
নীল জ্যোৎস্নার গভীরে, প্রজ্ঞার দীপালোকে ঝাপসা হ’য়ে উ’ঠে গাঢ়
হৃদয়ের গভীর গহ্বরে-, আশ্চর্য নক্ষত্রপুঞ্জের দিগন্তের হলুদ বিস্ময়;
পবিত্র নদী তার গভীর সৌন্দর্য ছড়ায় নিরুদ্দেশে আলো-আঁধারের
জ্যোতির্ময় অস্তিত্বে ব’য়ে যাওয়া অবিরল শুভ্রতায়; লুপ্ত সন্ধ্যায় নীল
মায়াময় স্বপ্নের দিকে; বিস্ময়কর নিস্তব্ধতার চোখের কোণে ঐশ্বর্য
সুর তাদের রচিত বাণী দিকে-দিকে; বিন্দু-বিন্দু অশ্রুর ফোঁটায় তা
ছুঁয়ে যায় ডুবে যাওয়া উজ্জ্বল জ্যোৎস্নায়, নিবিড় ঠোঁটের গাঢ় হিমে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted