কবিতা স্মৃতি ও সৌন্দর্য
কবি মামুনুর রহমান
কবিতার বিষয় রূপক

তোমার চিহ্ন ব’য়ে বেড়াই আমার সমস্ত অবয়ব জু’ড়ে;
আঙুলের ছোঁয়ায়, কেঁপে উঠা আমার বাড়ন্ত নীল চুলে;
নিঃশব্দে সমস্ত জ্যোৎস্না মিশে যায় স্নিগ্ধময় সুরে-সুরে
ভিতরে শূন্যতাবোধ করি অতীতের সব কিছু ভেঙে,
সকাল-বিকাল আর সন্ধ্যার কোমল ফাল্গুন বাতাসে
মিশে থাকে সীমাহীন শোকাবহ গভীর হৃদয়ের সবুজে;
হারানো দিনের স্মৃতিতে কষ্ট পাই নক্ষত্রের আকাশে,
তুমি ছিলে আমার স্বপ্নের অনুভূতির নিসর্গের মাঝে
জ্যোতির্ময় আলো ছুঁয়ে যায় কোমল শিশিরের জলে;
আমার উপলব্ধিময় ভাবনার কম্পিত স্নিগ্ধময় ঠোঁটে,
স্বপ্নের সেই সিঁড়ি রূপান্তরিত হ’য়ে উ’ঠে গভীর নীলে
নিস্তব্ধতার আলোছায়া রৌদ্রজ্জ্বল বিস্ময়ের দিকে ছোটে
সৌন্দর্যের কঠিন অর্থও হারিয়ে ফেলি বিষণ্ণ অন্ধকারে
হৃদয়ের ঢেউয়ে উজ্জ্বল নীলাভ আকাশের পুন্যময় দিকে
যেখানে আর কোনো সৌন্দর্য জেগে উ’ঠে না শিশিরে;
আমার হারানো সুরে যারা র’য়ে গেছে সোনালি বুকে
খুঁজি না তাঁদের আর বসন্তের রাতে শাশ্বত আঁখিপাতে
অনুভূতির সব উৎসাহ আজ কঠিন লীলাভূমির নিসর্গে
নিস্তব্ধতার গান সুমধুর হ’য়ে সুর ছড়ায় কল্পনার আবর্তে
মর্মর ধ্বনি রূপান্তরিত আমার সকল চেতনার অনুরাগে
আশ্চর্যভাবে আনন্দঘন উৎসাহে তীব্র সমুজ্জ্বল নিঃশব্দে
অনুভূতির সব রঙ জেগে রয় মেধাবীর চিত্তে শতাব্দীর
সীমাহীন নক্ষত্রে; নিস্তব্ধ ভাবনার রুপালি উজ্জ্বল চাঁদ
গ’লে প’ড়ে অলৌকিক তীব্র কোমল সৌন্দর্য পরস্পর
প্রকৃতির রূপান্তরিত বাদামিরঙে হারিয়ে ফেলি স্নিগ্ধ
অমলতা শুধুই তোমার স্মৃতিতে, শূন্যতায় ছুঁয়ে যায়
হারানো অশ্রুবিন্দু, নিবিড় শরীরের ছুঁয়ে যাওয়া সুগন্ধে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted