কবিতা মন যান সব খান
কবি শুভশ্রী রায়
সময় ২৪ জানুয়ারি, ২০২৩, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী

সত্যি বলছি বন্ধু , আমি বিমানে উঠিনি কখনো
তাই বলে কি ক্কচিৎ উঁচুতে ওড়ে না আমার মনও?
হ্যাঁ গো, কখনো কখনো মেঘে মেঘে আমি উড়ি
মনটার গায়ে অদৃশ্য ডানা জুড়ে মেঘের রাজ্যে ঘুরি
ঘুরন্ত মন কখনো কখনো নেমে পড়ে হিম-দেশে
বরফ মাখানো ভূমির ওপর চলাফেরা করে হেসে।
কখনো এ মন চলে যায় কোনো সাগরের ফোঁটা দ্বীপ
টিয়াবরণ ভূমিখানি যেন নীল সাগরের সবুজ টিপ!

ফের কখনো মন আমার হয় দূর মরূভূমির পর্যটক
বালিয়াড়ি, ক্যাকটাস, উটের সারির মুগ্ধ সে দর্শক
মরূদ্যানের পাশেই যেখানে খেজুর গাছের ছায়া
মন আমার নেয় জিরিয়ে, দেখে বিচিত্র মরূমায়া;
তারপরে বোঝে, ডাকছে সাবেক উত্তর কলকাতা
দুই কামরার ফ্ল্যাটে ফিরে লেখে মানস ভ্রমণ কথা।
তাহলেই দেখো বন্ধু আমার, যদিও উঠিনি বিমানে,
মনের যানেই ওড়াউড়ি করি, যাই আমি কত খানে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted