কবিতা অনিবার্য বার্তা
কবি শুভশ্রী রায়
সময় ১৯ ডিসেম্বর, ২০২২, ভোরবেলা
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

রাতের মুখ খোলা খাম, কালো কালিতে কার চিঠি?
জগৎ এই চিঠি লেখে, শান্তি আর বিশ্রাম চেয়ে,
তুমি, আমি, চারপাশ প্রত্যেকে চিঠি পড়ি অজান্তে;
চোখে নেমে আসে ঘুমের ঢল, চেতনার পথ বেয়ে।

ভোরের ঝকঝকে ঠিকানা ওই খামের অন্তরে থাকে
কালো কালিতে রুপোর ছিটে আলো আক্ষরিক,
ভোর ভরা চিঠি সঙ্গে অনিবার্য রাতের ডাকটিকিট
আমাদের জন্য রোজ বার্তা আসে মহাজাগতিক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted