| কবিতা | নির্ঘুম রাত্রির প্রহরী |
| কবি | বিপাশা মন্ডল |
| কাব্যগ্রন্থ | ১০০ প্রেমের কবিতা |
| সময় | নভেম্বর, ২০০৭, গভীর রাত্রি, |
| উৎসর্গ | 'ও'- কে |
| লিখার স্থান | গোডাউন রোড, পিরোজপুর, বাংলাদেশ |
| সম্পৃক্ততা | ভালোবাসা |
ঘুমিয়েছে কাঁচপোকা পাতাদের বারান্দায়
তারার নীল আলো ; অন্ধকারের নির্বাক দেহে
তন্দ্রায় নুয়েছে সোনালী রোদ্দুর
ঘুমিয়েছে শ্মশানে আদিপুরুষের
জমাট শবাধার ; সাদা ছায়াতে
ছুঁয়েছে মৃত্যুর চেনা গন্ধ
রাত্রির হিম ঘুমিয়েছে
নিস্তব্ধতার কোমল শয্যায়
ঘুমিয়েছ তুমি বালিশে গাল চেপে
আর একটা সূর্যের অপেক্ষায়
ঘুমাইনি আমি, জেগে আছি
নিরব কান্না নির্ঘুম রাত্রির প্রহরী
ঘুম তোমার একটা প্রবেশপত্র প্রয়োজন
মেঘের জড়দেহে সিথানে ধ্বংস রেখে
বরফ ঘুমায়