কবিতা খোকার কাক
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৮ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

বলনু ডেকে বলতো খোকা
দেখতে কেমন মোদের দেশের কাক?
চাইলে ক্ষণিক ভাবতে পারিস
চুপটি থেকে দরজা রেখে ফাঁক!

বললো আমি সবই জানি
কও তো আবার লাগবে কেন দেখা!
কাউয়া সে তো সবুজ কালার
গলায় আঁকা চিরল চিরল রেখা।

পায়ের পাতা খুব খয়েরী
পুচ্ছ গোছা লম্বা সটান বেশ,
থাকতে পারে কিন্তু কারো
হঠাৎ মাথে লম্বা ক’টা কেশ।

চোখ অনেকটা গোল্লা গোল্লা
হিজল গাছেই রোজ করে ঘুর ঘুর,
ডাক দিলে সেই এত্তো ঝরে
দু’ঠোঁট থেকে মেরুণ কালার সুর।

শুধাই শুনে বলিস কি রে
পশ্চিমে কি আজ উঠেছে রবি?
বললো মেলে ড্রয়িং খাতা
এইটা কি কও, টিয়ার ভাবো ছবি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted