| কবিতা | ভাবো শুধু ভাবো |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
সূর্যের আলো যে গায়ে মেখেছে,
সে কেন তোমার প্রেমের আগুনে জ্বলে পুড়ে মরবে?
চাঁদের জোছনায় যে স্নান করেছে,
সে কেন তোমার আঁচলের তলায় এসে স্থান নেবে?
বৃষ্টির ঝরঝর শব্দ শুনে যে অভ্যস্ত,
সে কেন তোমার নূপুরের শব্দ শুনে বিচলিত হবে?
মেঘের গুরুগম্ভীর ডাক শুনে যার হৃদয় হয়েছে কঠোর,
সে কেন তোমার চিৎকারে সাড়া দেবে?
মেঘে মেঘে ঘটা বিজলীর আলোয় যে দেখতে পেয়েছে নিজের অন্তঃপুর,
সে কেন তোমার চোখের জলের ধারা দেখে নিজেকে দুর্বল করবে?
নদীর কলকল শব্দে যে বেঁধেছে হৃদয়ের গানের সুর,
সে কেন সুর-ছন্দ ভুলবে তোমার খলখল হাসি শুনে?
সাগরের মাতাল ঢেউ বুকে নিয়েও যে লড়াই করেছে ঝড়-জলের তান্ডব সহ্য করে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা তালগাছের সমান,
সে কেন তোমার অভিমানে চলে যাওয়ায় নিজের মনকে অশান্ত করবে?
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর
২৮শে সেপ্টেম্বর,২০২২