| কবিতা | কবিতার জীবন |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সবিতা ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | প্রতিবাদ |
কবিতার জীবন
**************
সুজিত কুমার ভৌমিক
**********************
আজ অনেক ভেবেই,
এক সিদ্ধান্ত নিয়ে ফেললাম।
আজ অনেক গলা কাঁপুনি চিন্তাভাবনার পর,
অনেক থরথর কম্পমান ভগ্নহৃদয়ে,
আজ সিদ্ধান্ত করে ফেললাম,
কবিতা-র গলা টিপে মেরে ফেলবো।
যে কবিতা আমাদের সূক্ষ্ম অনুভূতির স্বতঃস্ফূর্ত
নদী বেয়ে প্রাক্ষোভিক আনন্দ নিয়ে আসত,
যে কবিতা আমাদের মনে,
অনুভূতির অনুরণন সৃষ্টি করত,
যে কবিতা আমাদের মত,
আর্ত-পীড়িতদের মনের সান্তনা দিতো,
যে কবিতা আমাদের মত রুগ্ন মুমূর্ষুদের,
আমাদের মত আধমরাদের একটু
শান্তির নিশ্বাস এনে দিত,
যে কবিতায় দৈত্যকায় ফনাসম
ফেনীল সমুদ্রের রাগ রক্তচক্ষুর মধ্যেও শুকনো
কাঠসম বাঁচার অবলম্বন পেতাম,
যে কবিতা মরুভূমির লেলিহান জিহ্বার মাঝেও,
মরুদ্দানের সমাপন শিখাসম পানতৃপ্তি জোগাত,
আমরা সুখানুভূতির সহানুভূতিতে মর্মর ধ্বনির
বৈতরনী বেয়ে ভাসমান হতাম..
আজ জানতে পারলাম,
সেই কবিতা বিক্রি হয়ে গেছে
কোনো রাষ্ট্রনেতার কাছে,
কোন রাষ্ট্রের কাছে,
কোন রাজ্যের কাছে।
কয়েকটা ঝনঝন করা পয়সার জন্য,
কয়েকটা চকচক করা মেডেলের জন্য,
কয়েকটা ঝকঝক করা ক্যামেরার লেন্সের
ঝলকানির ধাঁধাময় ঝিকিমিকির মধ্যে,
সেই কবিতা বিক্রি হয়ে গেছে।
আজ কোথায় তোমরা সেই কালজয়ী কবিরা?
কিংবদন্তি কবিরা তোমরা কোথায়?
তোমাদের না কবিতা আমাদের মনে আনন্দধারার
অনাবিল প্রফুল্লতার স্বাদ এনে দিতো?
তোমাদের না কবিতা আমাদের মতো আধমরাদের বাঁচানোর সাহস জোগাতো?
বাঁচার আশ্বাস যোগাতো?
পয়সা,মেডেল ও লেন্সের সরনীতে
তোমাদের সেই কবিতা আজ বিপন্ন,
চাটুকারীদের পদলেহনের জিহ্বায় তোমাদের কবিতা পাতে দেওয়ার মতো নয়!
গরু,ব্যাঙ,কুত্তার কবিতা আজ শ্রেষ্ঠ।
তোমাদের কবিতা আজ অনেক পিছিয়ে পড়েছে,
টি আর পির প্যাঁচ পাঁচিলে।
তোমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছো
বাংলার আকাশ থেকে,
সাহিত্যের আকাশ থেকে!
চটকদারি চাটুকারিতার উত্থানে?
তোমরা আজ পরাজিত,
তোমরা চাটুকারিতার কাছে
পরাজিত, পরাজিত, পরাজিত।
হা...হা....হা..হা..হা...।
কে তোমাদের বাঁচাবে?
কয়েকজন পদলেহনকারী চাটুকার,
আর কয়েকজন চাটুকারদের পুরস্কৃত করছে।
বাংলার সাহিত্য, কবিতা হারিয়ে গেছে!
তাই আমি সিদ্ধান্ত নিলাম...
জানি আমার গলা কেঁপে যাবে,
আমার হাত কম্পমান হবে,
তবুও আমি সিদ্ধান্ত নিলাম
-" কবিতাকে গলাটিপে মারব"।
আর কখনোই কবিতার দিকে
মুখ ফিরে ও তাকাবো না।
কবিতা তোমাকে জানাই
--" বিদায়...টা...টা "