| কবিতা | গোধুলির আঁখি (সনেট) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
এখনো রয়েছে পাটে লাজে রাঙা বেলা
ষোড়শী মেঘেরা করে লুকোচুরি খেলা,
বুকের পাঁজরে পুষে প্রেম ঝরা জ্যোতি
সেজেছে এ কোন রূপে নীলিমার মতি!
এ কি অপরূপ আহা অরুণের দানা!
মায়াবী সবুজ ক্ষেত খুঁটে মেলে ডানা,
গা-ঘেঁষা কোমল বায়ে গান গায় পাখি
’আয় কে দেখবি আজি গোধুলির আঁখি!’
নিবিড় ছায়ায় ভাবে কবুতর জোড়া,
ক্যামনে গো-ছাগ পেলো বাঈজির তোড়া!
শুধায় তৃষিত চিল লহরীরে ডেকে
’দেব কি বুকে রে তোর তারা শশী এঁকে?’
ঘোলা চোখে ভোলা বসে খুঁজে তকদির,
ব্যাকুল ধুলিরা চষে আঁধারের নীড়।