| কবিতা | একটি মোমের কথা |
| কবি | আহমাদ সালেহ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | মরহুম এম.এ রহিমের স্মৃতির উদ্দেশ্যে |
| লিখার স্থান | সিলেট |
| সম্পৃক্ততা | আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় |
ল্যাম্পপোস্ট, লাইটহাউস, চাঁদ, সূর্য
কিংবা অনন্ত নক্ষত্রের কেউ
প্রয়োজন নেই।
আমাদের ছোটো এক মোমবাতি, হারিকেন
ছিলো প্রয়োজন
এই জোনাকির দেশে- গ্রামে, বিল-জলা-ধেনো মাঠ
খেতে, রবিশস্যের পটে
একটি মোমবাতি শুধু, ছিলো প্রয়োজন।
রহিম সে মোম, এম.এ রহিম
নির্মল, লীলায়িত, কাঁপা কাঁপা আলো
এ দিঘল প্রান্তরে
ছড়ায় ধীরে, মোম থেকে মোমে
সূর্যের দিকে…
মেঘছায়া খেলা করা এ সবুজ মাঠে
যেদিন সূর্যেরা, চাঁদেরা, নামবে
ঘুরে পূর্ব-পশ্চিম, উত্তরের সর্বপ্রান্ত ছুঁয়ে ছুঁয়ে…
হে দখিনা বায়, বাসিয়ার পলিজমা
এ-দ্বীপ-প্রান্তে, সেদিন তুমি
কী সুভাষে ধরণীতে
একটি মোমের কথা
করিবে বর্ণন?