| কবিতা | দাও গো সুধা! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৭ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
তোমার নামের দাও গো সুধা
অধম দাসের অন্তরে –
ডাকি বসে আরশি নগর বন্দরে!
নীড় হারায়ে ভাবনা যতো
খায় এ হৃদয় কুরে,
সাধের জনম যায় যে বৃথা
রাখলে তুমি দূরে।
নিদেন কালে দাও গো দেখা
মীম আলিফের মন্তরে –
ডাকি বসে আরশি নগর বন্দরে!
ডুকরে আজি ছেঁড়া আশা
গড়ে ভুলের বাড়ি,
পয়সা বিনে নীল দরিয়া
ক্যামনে দিবো পাড়ি।
জিভ গো পেলে নিতুই আঘাত
দোষ যে দিবে দন্তরে –
ডাকি বসে আরশি নগর বন্দরে!