কবিতা চিনচিনে জটাধারী সন্ন্যাসী!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০২ আগষ্ট, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

আমি গাইতাম,
প্রচুর গাইতাম প্রাণ খুলে!
সুরের কম্পনে যেন থমকে দাঁড়াতো
বিশাল বক্ষধারী ওই ঝলমলে নীলাকাশ।
নিশীথে চাঁদের বদনে জেগে উঠতো রূপালী ধারার
এক চঞ্চলা অথচ স্নিগ্ধ প্রস্রবণ।
নির্বাক দু’অক্ষি মেলে চেয়ে থাকতো নব যৌবনা এই ধরিত্রী।
কিন্তু কেন জানি সে’ সুর পৌঁছতো না স্বজনদের কানে,
ভীষণই কষ্ট হতো দেখে!
তাই একদিন ঠিক করলাম –
একটা আবেদন পত্র লিখবো বিধাতার সমীপে,
নিশ্চয় তিনি এ’ সমস্যা করবেন নিরসন।
কিন্তু কলম পাবো কোথায়!
সে তো এনে দেয় সত্যান্বেষী সাধক,
শুনেছি ওরা থাকে নাকি পাহাড়-পর্বতের ক্রোড়ে
নির্জনে জাগা অস্তাচলের পাদদেশে।

গতকাল বেরিয়ে ওদের সন্ধানে
ঘন অরণ্য পিছনে ফেলে এক জলাভূমিতে দাঁড়িয়ে
সুদূরে দৃষ্টি ছুঁড়ে দেখি – ‘পরশ্রীকাতরতার স্কন্ধে চড়ে
রৌদ্রস্নানে চলেছে অস্তাচলের বাট ধরে তিনপেয়ে ক’টা
চিনচিনে জটাধারী সন্ন্যাসী!’

guest
0 Comments
Newest
Oldest Most Voted