কবিতা ছোট্ট এই কফি হাউজটা
কবি মিটু সর্দার
সময় জুলাই ২০২২
লিখার স্থান সৌদি আরব
Review This Poem

ডিজিটাল যুগের তেলেসমাতি
হোয়াটসঅ্যাপে কুড়ি বছর আগের বন্ধুদের মাতামাতি।
যখন শুনি সকলের কণ্ঠস্বর
মনে হয় ফিরে গিয়েছি কৈশোর
ফিরে গিয়েছি –
টিনের ভাঙা বেড়া লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়।
পুকুর পাড়ে কদম গাছ, কদম পড়তো টিনের চালে
ঝিমিয়ে থাকা বন্ধুগুলো জাগতো হুমড়ি খেয়ে।
জেঠুয়ামুড়া ছিলো যাদের বাড়ি
সকাল-বিকাল নৌকায় দিতো পাড়ি।
যখন চোখের সামনে একযোগে দ্যাখি –
কুড়ি বছর আগে হৈ-হুল্লোড় করা বন্ধুদের মুখ
মরুর তপ্ত রোদে পুড়া হৃদয়ে পাই অতৃপ্ত সুখ।
যখন দর্পনে দ্যাখি সফেদ চুল, দাড়ি, গোঁফ
আঁধারে হারিয়ে যায় বিবর্ণমুখ –
এই বুঝি ডাক এলো –
ছেড়ে যেতে কফি হাউজের আড্ডাটা
আর বুঝি জমাটবদ্ধ হবেনা হোয়াটসঅ্যাপ নামে
ছোট্ট এই কফি হাউজটা।
মনির, মোশারফ, মোর্শেদ –
মাড়ায়নি কভু কারো পাঁকা খেত
খুজবে না আর তারা আমাকে
যখন হারিয়ে যাবো একদিন মহাকালের গর্তে।
বাউণ্ডুলে, যাযাবর, অ-কবি যারা ডাকতে
আমার স্মৃতি আসবে কি কভু তব হৃদয় নাড়তে?
যখন দ্যাখবে স্টেশনের কফি হাউজে
মাথায় লম্বা চুল, কাঁধে ঝুলানো ব্যাগ –
গায়ে ধুসর ধুতি, হাতে শোকর গুজারের পুতি –
সেইদিন বন্ধু ব’লে বুকে জড়িয়ে ধরবে কি আমায়?
নাকি পোশাক ময়লা হবে বিধায় –
দশ টাকার কফি দিয়ে করে দিবি বিদায়?
ইমরান,আক্তার, মজিব যেন সজীব দূর্বাঘাস
আমার স্থানটি পূরন করতে মজিব কবিতা লিখবে নিয়ে পাতিহাঁস।
কুড়ি বছর পর –
হোয়াটসঅ্যাপ বেঁধে দিলো ভালোবাসার ঘর
হাজার ক্রোশ দূরের মানুষ এলো কাছে
সব বন্ধু জড়ো হলো ভালোবাসার খুপরিতে।
প্রথম বেঞ্চে বসা নিয়ে হতো কতো আড়াআড়ি
কামরুল,আকরাম,জসিমের মন কষাকষি।
আমি অধম-নরাধম ছিলাম না পটু
দক্ষিণা বাতাসে ঢোলকলমির চুল উড়া দ্যাখে শুনতে হতো কথা কটু।
ছোট্ট কফি হাউজের বন্ধুরা –
এই বাউণ্ডুলেকে কোথাও খুঁজে নাহি পাও
পাগলা গারদে যেন যাও
মান্নাদে-র রমা রায়ের মতো যদি পাও।
মনে হলে সেই কথা,বিষাদে ছেয়ে যায় হৃদয় পাতা
বেলা শেষে এসে দ্যাখি শূন্য জীবনের খাতা।

৩১/০৭/২০২২ সৌদি আরব

guest
0 Comments
Newest
Oldest Most Voted