কবিতা প্রেমের কবিতাগুচ্ছ
কবি বিমল মণ্ডল
সময় জুন২০২২
লিখার স্থান খেজুরী; পূর্ব মেদিনীপুর
Review This Poem

প্রেমের কবিতাগুচ্ছ
বিমল মণ্ডল

১.
যে মেয়েটি ফিরে আসে

সারাদিনের শেষে
যে মেয়েটি ফিরে আসে ঘরে
তার শরীরে মাত্র দশ টাকার দাগ

মেয়েটির মুখে নিস্তব্ধ জ্যোৎস্নার রাত
অনুভব করে কারা যেন শরীর চটকাচ্ছে
বিনিয়োগ প্রেমের ফেরিওয়ালা।

২.
মুগ্ধ হই

সুখ সেই ভাবে পাইনি কোনদিন
তোমাকেও সে কথা বলতে পারিনি
আজ পড়ন্ত বিকেলে মেঘের সাথে তোমার ঘ্রাণে
এসেছি তোমার কাছে
অথচ পাশাপাশি হেঁটে চলি
এত দিনের জমানো কথামালা নিয়ে
সূর্যাস্তের আলোতে দু’চোখে স্বপ্ন নিয়ে
মুগ্ধ হই তোমার শরীর মেখে।

৩.
সেই তো তুমি

সেই তো ঘর,সেই তো শরীর, সেই তো তুমি আমার
সেই তো রাত, বিছানায় তুমি
ভালবাসার গন্ধ ছড়ায়।

মনে করি আজ সেই রাত
তোমার বুকের পরে স্নান করছি
আরও… কিছুক্ষণ…

শরীর শুধু আমার – তোমার, মেঘ জমেছে ভেজা আলিঙ্গন

এই তো ঘর, এই তো আমি, সেই কামনায় মজেছি বেশ।

৪.
তোকে বলা হয়নি

তোকে বলা হয়নি, সেই দুপুর আর রাতের আকাশ কথা
তোর জন্য এনেছিলাম সুগন্ধি বাতাস
যা দিয়ে তুই উড়িয়ে দিবি ভালবাসার চিঠি
যা দিয়ে তুই মনের কথা পাঠাস বারবার

এমন সহজ সত্য প্রেমের উপহার
দুপুরের তোর ভেজা শরীরে আর সন্ধ্যায় তোর গায়ের নরম গন্ধে
আশ্চর্য এক বোধ এলে…

তোকে বলা হয়নি, সেই দুপুর আর রাতের আকাশ কথা।

৫.
সমস্ত আগামী প্রেম

জানি তোমার যৌবন কাল
সেই কবে থেকে আমার শরীরে
রোমাঞ্চ নিঃশ্বাস
বুকের ভেতরে প্রেমের আগুন
অথচ তোমার মাহেন্দ্রক্ষণ এল না

জীবন আমার সুর হয়ে যায়
প্রেমের স্বাদ কেবলই জলে

কারণ তোমার সমস্ত প্রেম না-কি
আগামীর প্রেম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted