| কবিতা | মানুষ নামের ফুল (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৫ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
তোমার তরেই বুক বেঁধে রয়
গুল বাগিচার কুল।
কালের চাকা বাতাস ঘুরে
চক্রাকারে পানি,
তোমায় যেচে বঙ্গের এ রূপ
রোজ গড়ে হাতছানি।
দেখে মেঘের ভালোবাসা
চুপটি বুনে সুখের বাসা
গায় সুরে বুলবুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!
ব্যাকুল আশায় নদ-নদী বয়
গায় আষাঢ়ে কোলা,
তোমায় পেতে মাঠ বুকে নেয়
সবুজ ক্ষেতের দোলা।
বৃক্ষরা দেয় আঁচল পাতি
জোনাক জ্বেলে সাঁঝের বাতি
কয় হয়ে মশগুল –
মানুষ নামের ফুল গো তুমি
মানুষ নামের ফুল!