কবিতা ঢাকুরিয়া’র কমরেড
কবি শুভশ্রী রায়
সময় ১২ মে, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

লম্বা মতো লোকটিকে দেখছেন? কমরেড থাকেন ঢাকুরিয়া
চাইলেই হ’তে পারতেন বড়, মেজ বা ছোট কোনো চাকুরিয়া
কিন্তু উনি মোটেই চাকরিবাকরির চালু পথ দিয়ে হাঁটেননি
সরকারি বা বেসরকারি চাকরি পাওয়ার জন্য বই ঘাঁটেননি
তার বদলে সাম্যবাদী দলকেই দিয়েছেন নিজের পুরো জীবন
দলের কথাই উনি ভাবেন প্রতি দিন এবং প্রায় সারাক্ষণ।
দলের জন্য উনি যে কারুর কাছে যে কোনো সময়ে চান টাকা
বেশিরভাগই পায়ে হেঁটে, কখনো বা দলের দেওয়া চার চাকা;
দলের জন্যই পাতেননি নিজের বড় সুখের একাম্ত সংসার
দেখেন দলের স্বার্থ সব আগে, দলের সামনে নারী কী আবার!
এমনই মানুষ, সাম্যবাদী দলের নেতা যদিও একটু ঠোঁটকাটা
আফসোস! এমন কমরেডের পিছু হয়নি বেশি মিছিল- হাঁটা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted