কবিতা মুখবই
কবি শুভশ্রী রায়
সময় ১৭ এপ্রিল, ২০২২, দুপুর
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

কে কার ভালোবাসা কে কার নত
প্রেমিক
কে কাকে পুজো করে কে কার ইকনমিক
কে কার সেরা নেশা কে কার পুরো পেশা
কে কার চেরা জিভ কে কার হৃৎশ্রমিক

সবই জানতে পারি অথচ সবটা স্পষ্ট না
নিজেকে ছড়িয়ে দেওয়া এ মুখে কষ্ট না
তবু কে কার সবটুকু কে কার বিনোদন
এ মায়া ঘোরাবে খুবই, সহজে সৃষ্ট না।

কে কার আরাম আর কে কার দুর্গতি
ওপরে শখপ্রেমিক ভেতরে ঘোর পতি
কে কার স্বপ্ন আর কে কার শুখা জমি
কে কার খুব প্রিয় বা বিরোধে সম্প্রতি?

সবই বেরিয়ে আসে কিন্তু খালি আভাস
নেটের দুনিয়া জুড়ে মুখের মায়া আবাস
কে কার কী আর কে কার কী যে নয়
মানবজমিনের ওপর ধাঁধার চরম চাষ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted