কবিতা কবি ও ঈশ্বর
কবি শুভশ্রী রায়
লিখার স্থান কলকাতা
5/5 - (1 vote)

ঈশ্বরের ভাষা কিছুটা হ’লেও বোঝে কবি
যেহেতু দুজনেই একা এবং একও,
নিজের নিজের পরিসরে সৃজনে মনোযোগী।
কবি চলে ঈশ্বরের পাশাপাশি সমস্ত দিকে
দুজনেরই গমন নয় একরেখ।

কবির ভাষাকে কিছুটা বোঝেন ঈশ্বর
যেখান পর্যন্ত বোঝেন তারপর শুরু হয়
অস্পষ্টতায় তুমুল এক অন্বেষণ তাঁরও
একেকটি পংক্তির সোনালি শরীরে
অর্থ নয়, গাঢ় অনুভূতি স্পর্শ করেন তিনি
কবির কাব্য নিজের ভেতরে নিতে চান চূড়ান্ত স্রষ্টা
ঘুরেফিরে কবির সঙ্গে তাঁর অলৌকিক আড্ডা চলে, কবিতাকে কাটাছেঁড়া নয়, নিজের সত্তায়
টেনে নেওয়া হয় সেইখানে।
শুরু থেকে শেষ
আলাপের অন্তরে ফুটে ওঠে থরে থরে শিল্প যত।
কবি আনত হয় ঈশ্বরের সামনে
কবিতার নিষ্কলুষ প্রাণের কাছে ঈশ্বর হন বিনত।

কবিকে বোঝেন ঈশ্বর।
তার কাব্য তাঁকে টানে, তিনিও কাব্যের মায়াময়
সত্যকে নিজের দিকে আকর্ষণ করেন।
সে ঈশ্বরের অনুপম এক সৃষ্টি।
শব্দের অলৌকিক নেশায় বুঁদ কবিকে
কী বুঝবে
শকুনতর মৃতভোজী চরম নাগরিকদের ধূর্ত সমষ্টি?

guest
0 Comments
Newest
Oldest Most Voted