| কবিতা | প্রত্যাবর্তন |
| কবি | আল মামুন |
চৈতালি কড়া রোদে পোড়া, নির্জনতার নূপুর বাজিয়ে দুপুর এসে সেজে যেনো এক আকাশ হতাশার বাণ ক্ষীণ সুরে বাজায় গহীন দুঃখের বীণ।
দখিনা দুয়ারের চৌকাঠে ঠেস দিয়ে বসে ভাবি- সেই পথ, মাট ঘাট প্রান্তর, ধুধু লোনা চর, নদী মোহনা, জোয়ার ভাটার টান চলমান রাতদিন।
সেই একই কোলাহল, কলকল জলধ্বনি, কাদামাটির খুনসুটি, মেঘেদের দল, পাখিদের ওড়োউড়ি, থরেথরে নদীভরা সাম্পান তরী, চিরচেনা সেই সুনীল আকাশ।
সবটাই তেমন আছে যেমন পুকুর পাখি ফুলের চারা ভরা উঠোন, পুকুরপাড়ের বৈঠকখানা, বৃক্ষরাজি নাচে ঠিক আগের মতোন, কেবল নেই উপভোগের সেই অবকাশ।
কেবল জীবনের গতিতে পতিত হয়ে মায়ার বাতি নিভিয়ে আত্নীয় স্বজন প্রতিবেশী পরিজন গিয়েছে বহুদূর, হয়েছে প্রীতিহীন।
সুদূরের মায়া দূরে ঠেলে অতিথি বেশ শেষে অবশেষে নিঃশেষ হতে মাটির কোষেকোষে মিশে যেতে ফিরবো সবাই কোনো একদিন।